বোরহানউদ্দিনে অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, অভিযানে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাত রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লে. মো. সালমান বিন শওকত।