পিছিয়ে গেল ‘কুমিল্লা চলচ্চিত্র উৎসব’

ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত ২৮ ও ২৯ আগস্ট কুমিল্লা কে-স্ক্রিন সিনেপ্লক্সে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০২৬’ এর সময়সূচি ও ভেন্যু পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রায় এক মাস পিছিয়ে আগামী ২৪-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। এক বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবটি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন অনুষ্ঠিত হবে। 

দুই দিনব্যাপী এই আয়োজনে ৭টি পূর্ণদৈর্ঘ্য, ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক সেমিনার ছাড়াও দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, কুমিল্লা জেলা শহরের চলচ্চিত্রপ্রেমীদের জন্য অনুপ্রেরণা ও চিন্তা বিনিময়ের একটি উর্বর ক্ষেত্র হয়ে উঠবে। এটি মূলত সবার জন্য উন্মুক্ত একটি সৃজনশীল উৎসব।’ 

কুমিল্লা সিটি কর্পোরেশন,বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সংস্থা, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, কুমিল্লা ফিল্ম সোসাইটি, কক্সবাজার ফিল্ম ক্লাব এবং বেঙ্গল ফিল্ম সোসাইটি সার্বিকভাবে এই উৎসবের সহায়তা করবে বলেও জানান আয়োজকরা।