চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস. সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে ভগবান চৌধুরী হাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট, পুরাতন গাছবাড়িয়া কলেজ গেট, চন্দনাইশ সদর, উপজেলা পরিষদ, নয়াহাট, দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া ও আবদুল বারী হাটসহ চন্দনাইশ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে গাড়িযোগে মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে ছিল রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা। র্যালি শেষে শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করে ঈমানের আহ্বানের মাধ্যমে বিশ্বের মানুষকে হানাহানি থেকে মুক্ত করে শান্তির বার্তা দিয়েছেন। তাঁর আদর্শ ও শিক্ষা গ্রহণ করে সবাইকে দ্বীনি খেদমতে এগিয়ে আসতে হবে। তাঁরা আরও বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমন উপলক্ষে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ অনুষ্ঠিত হয়েছিল, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, মাদ্রাসার প্রধান সুলতানা ইয়াসমিন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি, মাওলানা ইয়াছিন আরফাত মজিদি, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মাওলানা রিফাত, হাফেজ মো. ইয়াছিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ তারেক হোসেন ও মোহাম্মদ বেলাল উদ্দিন।
এ ছাড়া মাদ্রাসার শিক্ষক রাইভি, সাদিয়া, আয়েশা বেগম, শিবলি আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবীপ্রেমিক আশেকানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবদুল মজিদ।