রাকাবের নতুন এমডি কাজী আব্দুর রহমান

জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কাজী আব্দুর রহমান এর আগে জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক পিএলসিতেও ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, রাজশাহী, রংপুর ও ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান, জোনাল হেড এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

ব্যাংকিং পেশায় কাজের পাশাপাশি কাজী আব্দুর রহমান দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ারে অংশ নিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন।
শিক্ষাজীবনে কাজী আব্দুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন।

কাজী আব্দুর রহমান বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রাকাব দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এমডি হিসেবে কাজী আব্দুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ব্যাংকটির পরিচালনা ও ঋণ কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।