সোনালী ব্যাংকের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির দাবি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

সোনালী ব্যাংক পিএলসিতে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বর্তমান গ্রেড থেকে পরবর্তী গ্রেডে ন্যূনতম এক ধাপ পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়েছে। এ পদোন্নতি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য রয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) বৈষম্যমূলক অফিশিয়েটিং ও পদোন্নতির কারণে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আবেদনে বিভিন্ন সময়ে সোনালী ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বর্তমান পদ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একই সময়ের কর্মকর্তাদের পদের সঙ্গে তুলনা করা হয়েছে। ২০০৮ ব্যাচের কৃষি ব্যাংকের কর্মকর্তারা ডিজিএম হয়ে এখন জিএম পদে ভাইভা দিচ্ছেন, অথচ সোনালী ব্যাংকে এখনো কেউ ডিজিএম হতে পারেননি।

আবেদনে আরও বলা হয়, সোনালী ব্যাংক পিএলসিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ও ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক অফিশিয়েটিং (ভারপ্রাপ্ত) পদে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালে পদোন্নতি দেওয়ার মাধ্যমে কিছু পদোন্নতিবঞ্চনা দূর করার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিনের বৈষম্য পুরোপুরি দূর হয়নি বলে দাবি করা হয়েছে।

এ অবস্থায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের বর্তমান গ্রেড থেকে পরবর্তী গ্রেডে অন্তত এক ধাপ পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ পদোন্নতি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, যেসব পদে একাধিক পদোন্নতির সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এর মাধ্যমে দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা ও পদমর্যাদার বৈষম্য কমানো সম্ভব হবে বলে মনে করছেন আবেদনকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত