পোস্তর ৩ পদ

রেসিপি দিয়েছেন রুকমা দাক্ষী

পোস্ত শুধু বাঙালি রান্নার প্রিয় উপকরণ নয়। এর অনেক পুষ্টিগুণও রয়েছে। পোস্তদানা মূলত স্বাস্থ্যকর চর্বি, উদ্ভিজ্জ প্রোটিন, খাদ্যআঁশ, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও আয়রনের মতো বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। পরিমিত পরিমাণে পোস্ত খেলে শরীরে শক্তি জোগাবে। হাড় ও পেশির স্বাভাবিক কার্যকারিতা বাড়বে। এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। পোস্তের স্বাস্থ্যকর ফ্যাট হৃদ্স্বাস্থ্যের জন্যও সহায়ক। এছাড়া পোস্তদানা খাবারে বিশেষ সুগন্ধ ও স্বাদ এনে দেয়। তবে পোস্ত ক্যালরিসমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

ভাপা পোস্ত নারকেল ছাড়া

উপকরণ

পোস্ত ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টা, লবণ সিকি চা চামচ, হলুদ ১ চিমটি, সরিষার তেল আধা টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পোস্ত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। পোস্তর সঙ্গে লবণ,  হলুদ, কাঁচা মরিচ কুচি এবং সরিষার তেল ভালো করে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি স্টিলের বাটিতে রেখে ঢেকে দিন। কড়াইতে অল্প পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর বাটিটি রাখুন। ঢাকনা দিয়ে ১০ থেকে ১২ মিনিট ভাপে রান্না করুন। ভাপা হয়ে গেলে নামিয়ে ওপর থেকে আরও একটু সরিষার তেল ও কাঁচা মরিচ দিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

নারকেল-পোস্তর বড়া

উপকরণ

পোস্ত ৪ টেবিল চামচ, নারকেল কোরানো আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ আধা চা চামচ, চিনি সিকি চা চামচ, হলুদ সিকি চা চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

পোস্ত ৩০ মিনিট ভিজিয়ে মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে নারকেল কোরানো, কাঁচা মরিচ, লবণ, চিনি, সামান্য হলুদ ও চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখুন। মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন। তারপর ছোট ছোট চ্যাপ্টা বড়া বানিয়ে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে মাঝারি আঁচে বড়াগুলো দু’পিঠ সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। গরম ভাতের সঙ্গে মিষ্টি-ঝাল স্বাদের  নারকেল-পোস্তর বড়া পরিবেশন করুন।

পটোল পোস্ত

উপকরণ

পটল ৬টি, পোস্ত ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩টি, কালোজিরা আধা চা চামচ, লবণ ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, চিনি আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পোস্ত ৩০ মিনিট ভিজিয়ে মিহি করে বেটে নিন। পটোল খোসা একটু ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম করে কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন। পটোল দিয়ে লবণ ও সামান্য হলুদ দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে নিন। পটোল একটু নরম ও হালকা সোনালি হয়ে এলে আধা চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিন। এবার পোস্তবাটা অল্প পানির সঙ্গে মিশিয়ে পটোলের মধ্যে দিয়ে দিন। ভালো করে নেড়ে ৫ মিনিট রান্না করুন। পোস্ত শুকিয়ে পটোলের গায়ে মাখামাখি হয়ে গেলে নামিয়ে নিন।