হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের স্বজনেরা জানান, রতন দাসসহ তাঁরা নিয়মিত ওই হাওরে মাছ ধরতে যেতেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।