নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে মুন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাফা মনি (৩) নামে আরও এক শিশু আহত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
এর আগে বিকালে কলমাকান্দা-চত্রংপুর-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত মুনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মুন মারা যায়। সে মুন রঘুরামপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে ও কলমাকান্দা পূর্ব বাজারের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে ৩ বছর বয়সী খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে রঘুরামপুর যাওয়ার পথে মুন্সিবাড়ি এলাকায় অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হয় মুন ও শিশু রাফা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ডাঃ সুমন পাল মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায় শিশু রাফা মনির ডান হাত ভেঙে যায়।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।