ঝিনাইদহে বাস চাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তুলি খাতুন (২৮) নামে  এক গৃহবধু নিহত হয়েছেন। আহত হন তার সেনাসদস্য সোহেল রানা।

বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি শৈলকুপা উপজেলার বড়দা গ্রামে।

স্থানীয়রা জানায়, সকালে শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি খাতুন তার স্বামী সোহেলকে সাথে নিয়ে সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পার্শের রাস্তা থেকে আসা একটি রিকসার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়।  ওই সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তুলি খাতুন। আহত হন স্বামী সেনা সদস্য সোহেল।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সোহেলের বাড়ি নড়াইলে জেলা শহরে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আসাদুজ্জামান জানান, খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।