দেশের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। প্রথম ও দ্বিতীয় সিজনে ব্যাপক শোরগোল ফেলে দেয়া আশফাক নিপুণের এই সিরিজ শুধু বাংলাদেশই নয়, আলোড়ন তুলেছিল ভারতেও। যদিও দ্বিতীয় সিজনের শেষেই আভাস দেয়া হয়েছিল তৃতীয় সিজনের। সেই আভাস বাস্তবে রূপ নিতে যাচ্ছে তিন বছর পর।আজ (২৬ আগস্ট) আশফাক নিপুণের জন্মদিন। আর নিজের জন্মদিনেই ‘মহানগর ৩’ নির্মাণের খবর দিলেন নির্মাতা। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ। তবে কবে নাগাদ শুটিং হবে, মুক্তিও বা কবে পাবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, ‘মহানগর’-এ পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিম। বলা বাহুল্য, নতুন সিজনেও তাকেই এই চরিত্রে দেখা যাবে। আর তৃতীয় সিজনে বিশেষ চমক হিসেবে পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের থাকার কথা রয়েছে।