দেশ গণতন্ত্রে নয়, শরিয়াভিত্তিতে চলবে: আল্লামা ইমাম হায়াত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসলমানরা। বেলা ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব ইঞ্জিনিয়ার শেখ রায়হান রাহবায়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

আল্লামা ইমাম হায়াত বলেন, সকল মানবজাতির কল্যাণে কাজ করতে হবে। দেশ গণতন্ত্রে নয়, শরিয়াভিত্তিতে চলবে। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং কথা বলার স্বাধীনতা রক্ষা করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক মূল্যবোধকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান। তারা বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে শান্তি, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা অনুসরণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বক্তাদের বক্তব্য শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইকোর্ট মাজারে গিয়ে শেষ হয়। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাতে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।