হাসানকে বোতল নিক্ষেপের প্রতিবাদে কনসার্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক কনসার্টে বোতল নিক্ষেপের শিকার হর ব্যান্ড তারকা হাসান। খ্যাতিমান এই শিল্পীর সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন সংগীতশিল্পী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার তীব্র প্রতিবাদ দেখা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং শিল্পীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার বার্তা দিতে বিশেষ রক কনসার্টের আয়োজন করা হচ্ছে। ‘লাউড সিটি টেকওভার’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে এক্স ফোর্স প্রেজেন্স। 

আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুষ্ঠানের হেডলাইনার হিসেবে মঞ্চে থাকবেন হাসান ও তার ব্যান্ড আর্ক। এ ছাড়া আরও সাতটি ব্যান্ড এতে সংগীত পরিবেশন করবে। সুরকার ও রক সংগীতশিল্পী এ কে রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই আয়োজনের কথা জানান। রাহুল লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় রক কিংবদন্তি হাসান ভাইকে ঘিরে ঘটে যাওয়া সেই অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছিল। ঘটনাটি দেখার পরপরই আমি টিংকু ভাইকে ফোন করে আমার দুঃখপ্রকাশ করি। একইসঙ্গে তাঁকে আশ্বস্ত করেছিলাম- আমাদের মিউজিক কিংবদন্তিদের প্রাপ্য সম্মান আমরা ফিরিয়ে দিতে চাই।’ 

তিনি আরও লিখেছেন, ‘সেদিনই তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা এমন একটি আয়োজন করব যেখানে তারা নিজেদের মতো করে যতক্ষণ খুশি মন খুলে বাজাতে পারবেন। কোনো তাড়া থাকবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না। থাকবে শুধু শিল্পী ও সংগীতের স্বাধীনতা।’