ফটিকছড়িতে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ‘গলাকাটা মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত গোলাগুলির ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অভিযান চালিয়ে মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়দের ভাষ্য, গ্রেপ্তার মোবারক এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে আর কেউ জড়িত ছিল কি না এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।