চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যান ও সড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফসান বিন সবুর নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেফায়েত উল্লাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসান বিন সবুর (৫) বাঁশখালী উপজেলার গুনাগারি এলাকার জোসপাড়ার আব্দুস সবুরের ছেলে। আহতরা হলেন নিহত শিশুর বাবা আব্দুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান ছদাহার ওই এলাকায় পৌঁছালে লোহাগাড়াহামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আফসান নিহত হয়। আহত হন তার বাবা আব্দুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।