অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে গ্রেপ্তার ২

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের সক্রিয় দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা পাওয়ার পরই ক্রেতাকে ব্লক করে দিয়ে তারা প্রতারণা করে আসছিল।

গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদর থানাধীন ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।