প্রধানমন্ত্রীর পরিবার ও কর্মকর্তাদের নামে ভুয়া আইডি: রিমান্ডে কাকন

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি চক্র প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তাদের নামে ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠাত। এরপর নানা কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করে আসছিল।

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কাকন রানা ভুয়া আইডি খোলার বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানিসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে খোলা ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট সক্রিয় অবস্থায় পাওয়া গেছে। এ অপরাধ চক্রের নেপথ্য উদ্দেশ্য উদঘাটন, সহযোগী সদস্যদের চিহ্নিত ও গ্রেফতার এবং অপরাধে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিমকার্ড উদ্ধারে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি চক্র প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তাদের নামে ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠাত। এরপর নানা কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করে আসছিল।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত