পটুয়াখালীর কুয়াকাটায় একটি ট্রলারে জেলেদের জালে ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় বুধবার (২৬ আগস্ট) রাতে জাল ফেলে এসব ইলিশ পেয়েছেন জেলেরা। ইলিশগুলো বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ট্রলার ঘাটে বিক্রি করে ট্রলারের জেলেরা ২০ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছে ট্রলার মাঝি বাদশা।
জেলা জানায়, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জেলেকে নিয়ে চার দিন আগে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে। দুইদিন সাগরে মাছ ধরার পর বুধবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে মাছগুলো ২০ লাখ টাকায় বিক্রি হয়।
ট্রলার মাঝি বাদশা বলেন, দীর্ঘদিন ধরে সাগরে বড় মৌসুমের মতো ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ করে বুধবার প্রায় ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। মাছগুলো আলীপুরে এনে ২০ লাখ টাকায় বিক্রি করেছি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে মৎস্য বন্দরের ইলিশ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।