নিউজিল্যান্ড 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথে সাব্বির-রিপনরা

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিউজিল্যান্ড 'এ' দলকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন ইরফান শুক্কুরের দল।

আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ এইচপির। ওপেনার জিসান আলম কোনো রান না করেই আউট হন। এরপর হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম মিলে দলকে টেনে তোলেন। ২১ বলে ২৬ রান করে সোহান বিদায় নিলে আরিফুলের সঙ্গে যোগ দেন অধিনায়ক শুক্কুর। তবে ৩ রান করে থামেন তিনি।

এরপর জুটি গড়েন সাব্বির রহমান। এক প্রান্ত ধরে রেখে দলের রান বাড়াতে থাকেন আরিফুল। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪৮ বলে ৭১ রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার। শামীম হোসেন দ্রুত ফিরে গেলেও সাব্বিরের ব্যাটে শেষ দিকে বড় সংগ্রহ পায় বাংলাদেশ এইচপি। মাত্র ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। যেখানে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। তার অপরাজিত ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের করে বাংলাদেশ এইচপি।

১৮২ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড 'এ' দল শুরুতে আগ্রাসী ব্যাটিং করে। কেটেন ক্লার্ক ১০ বলে ২৪ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে ম্যাক্স চু ও ম্যাথু বয়েল ৫৪ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তবে এই জুটি ভাঙার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলাদেশের হাতে আসে। ৩৩ বলে ৪৪ রান করে চু এবং ২২ বলে ৩১ রান করে বয়েল সাজঘরে ফিরলে চাপে পড়ে নিউজিল্যান্ড কিউইরা। 

এরপর বাংলাদেশি বোলারদের আঁটসাঁট বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ দিকে জশ ক্লার্কসন চেষ্টা করলেও প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড 'এ' দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি যেতে পারেনি তারা। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি। ডানহাতি পেসার রিপন মন্ডল ও বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ৩টি করে উইকেট নেন।