প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি

রিসিভেবলস ম্যানেজমেন্ট কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও কার্যকর করতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজের দেশব্যাপী পরিবেশকদের জন্য একটি কাস্টমাইজড রিসিভেবলস ম্যানেজমেন্ট সলিউশন চালু করা হবে।

চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজের পরিবেশকেরা ইউনিক ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর ফলে প্রতিটি লেনদেন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব হবে। একই সঙ্গে রিসিভেবলসের ম্যানুয়াল ম্যাচিংয়ের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেনের হিসাব সমন্বয় বা রিকনসিলিয়েশনের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই সমাধানের মাধ্যমে স্কয়ার টয়লেট্রিজের পেমেন্ট সংগ্রহ ও হিসাব সমন্বয় প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির দেশব্যাপী বিতরণ নেটওয়ার্কে লেনদেনের স্বচ্ছতা ও আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি আরও বাড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুল হুসাইন এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এফসিএমএ মো. গোলাম কিবরিয়া ও ডেপুটি জেনারেল ম্যানেজার এফসিএমএ মো. মোবারক হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি আরও জোরদার হলো। এসব সমাধানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও দৃশ্যমানতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবর্তনশীল চাহিদা পূরণে কাস্টমাইজড ডিজিটাল ব্যাংকিং সলিউশন দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রাইম ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই উদ্যোগ দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।