চরফ্যাশন আদালত চত্বরে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

ভোলার চরফ্যাশন চৌকি আদালতে একটি মামলায় আত্মসমর্পণ করতে এসে হামলার শিকার হয়েছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে আদালতে মামলার কার্যক্রম শেষে অধ্যক্ষ মাজেদের বিরুদ্ধে ১৪ লাখ টাকা জরিমানার রায় দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আব্দুল মাজেদের অভিযোগ, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন এলাকায় একটি জমি নিয়ে সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার দুপুরে তিনি আদালতে গেলে বাদী সুমন, মো. আলীসহ ৭-৮ জন ব্যক্তি আদালত চত্বরেই তার ওপর হামলা ও মারধর করেন। এ সময় তিনি চিৎকার করলে আদালতে থাকা কোর্ট দারোগা, জিআরও, আইনজীবী ও মুহুরিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে একটি কক্ষে নিয়ে যান।

অধ্যক্ষ মাজেদ বলেন, আমি মামলায় হাজির হতে আদালতে গেলে সুমন ও মো. আলীসহ কয়েকজন আমার ওপর হামলা করেন। আদালতে থাকা কর্মকর্তা ও আইনজীবীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।

এদিকে আদালতে মামলার কার্যক্রম শুরু হলে অধ্যক্ষ মাজেদের বিরুদ্ধে ১৪ লাখ টাকা জরিমানার রায় দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক রায়হান। তিনি বলেন, আদালত চত্বরে হামলার ঘটনা জানার পর মামলার বাদী সুমনকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত।

আদালত চত্বরে এমন হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে কর্মরত আইনজীবীরা। চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন বলেন, আদালত হচ্ছে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল। এখানে বাদী-বিবাদীসহ সর্বস্তরের মানুষ নিরাপত্তা না পেলে কোথায় নিরাপত্তা পাবে? সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে আদালতের প্রতি নাগরিক সমাজের আস্থা ক্ষুণ্ন হবে।

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর অধ্যক্ষ আব্দুল মাজেদ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তিনি ভদ্রপাড়ার বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।