বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।  

বৈঠকে বাংলাদেশ-সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। 

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরের ফলে বিভিন্ন খাতে দুই দেশের ব্যাপক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা করেন তারা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়াতে আগ্রহী। একই সঙ্গে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।

এ সময় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুলকরিম আল-খুরাইজী, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।