ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবারের (২৭ আগস্ট) এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। খবর তাসনিম নিউজের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান ইরান-কাতার পরামর্শের অংশ হিসেবে আরাকচির সঙ্গে বৈঠক করেন আল থানি।
তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উত্তেজনা কমানোর পাশাপাশি সংলাপের উপযোগী পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া হরমুজ প্রণালির মধ্য দিয়ে অস্থায়ী যৌথ নৌ-চলাচল করিডর চালুর জন্য একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়েও আলোচনা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব এবং নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন আল থানি।