টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল মা ও মেয়ের

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তার কোলে থাকা এক বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বেড়বাড়ি বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আঁখি মির্জাপুর উপজেলার দেওভোগ গ্রামের শুভ তালুকদারের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার আদাবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে পাহাড় কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন। সিএনজিটি বেড়বাড়ি বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

‎সখীপুর থানার উপপরিদর্শক (তদন্ত)  মো. আজহারুল ইসলাম বলেন, সন্ধ্যায় ট্রাকের চাপায় মা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।