চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু 

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ডেঙ্গুতে মারা যাওয়া যুবকের নাম মো. মঈন উদ্দীন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি  'ডেঙ্গু শক সিনড্রোম' এর রোগী ছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৯ জন রোগীর মধ্যে ৩২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১১ জন বিআইটিআইডিতে, ১৭ জন জেনারেল হাসপাতালে, ২ জন সিএমএইচে ও সাতজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। তবে এর মধ্যে ১ হাজার ১৩ জন শনাক্ত হয়েছেন জুলাই মাসের ২৭ দিনে। এ বছর জেলাটিতে ডেঙ্গুতে মোট চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম মৃত্যুটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে এবং বাকি দুজন জুলাইয়ে এবং সর্বশেষ আগস্টে একজনের মৃত্যু হয়। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. সাজেদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ডেঙ্গু শক সিনড্রোমের রোগী ছিলেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, মোকাবিলায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। নিজেদের ঘরবাড়ি ও আঙিনায় কোথাও যেন পানি জমে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রাথমিক লক্ষণ দেখামাত্রই ডাক্তারের পরামর্শ ও সময়মতো চিকিৎসা নিলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত