আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে বিএনপি এমপিদের উদ্বেগ

আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। তারা সার নিয়ে অতীতের মতো স্যাবোটাজ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। পাশাপাশি ‘মব’ পরিস্থিতি দমনে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার জন্য বলেন। পরে এসব বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় সভায় এসব আলোচনা হয়।

বিএনপি দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্য বজায় রাখা, কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংকট সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলা এবং ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় মূল তিনটি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সাবেক সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ অবকাঠামোর কারণে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয় বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। তবে শহর ও গ্রামে লোডশেডিংয়ের ভারসাম্য আনার আশ্বাস দেন তিনি। সারের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশে সারের পর্যাপ্ত মজুদ থাকলেও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের স্যাবোটাজ ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মব কালচার’ রুখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এতে দলের লোকজনের জড়িত থাকার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সংসদ সদস্যরা সাবেক সরকারের সময়ে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের এখনো বহাল থাকার অভিযোগ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দিষ্ট তালিকা দেওয়ার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অপপ্রচারের জবাব দিতে এবং সরকারের উন্নয়ন ও সংকটের চিত্র জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে এমপিদের নির্দেশ দেন। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পর্যায় থেকে সৎ ও যোগ্য প্রার্থীদের জয়ী করতে এবং দলে কোনো বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।