সালমান শাহ হত্যা মামলা

খল অভিনেতা ডন ৫ দিনের রিমান্ডে

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন। গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত আসামি ডনের উপস্থিতিতে ২৭ আগস্ট (গতকাল) রিমান্ড শুনানি জন্য দিন ধার্য করেছিল আদালত। গতকাল ডনের রিমান্ড শুনানিকালে সালমান শাহ ভক্তরা সকাল থেকে ব্যানার নিয়ে আদালত অঙ্গণে মানববন্ধন করেন অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

রিমান্ডের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার করা সম্ভব হবে। আবেদনে আরও বলা হয়, ডনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন কৌশলে, কী কারণে ও কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এ সংক্রান্তে তথ্য উদঘাটনসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতে ডনের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।

গত বছরের ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এ হত্যা মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন সালমান শাহের সাবেক স্ত্রী সামীরা হক, সামীরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।