আজ শুরু ফেডকাপ তায়কোয়ান্দো

দীর্ঘদিন অন্ধকারে থাকা তায়কোয়ান্দো অবশেষে আলোর মুখ দেখছে। পঞ্চম ফেডারেশন কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলায় ফিরছেন দেশের তায়কোয়ান্দোকারা। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আয়োজন করতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। তিন দিনব্যাপী প্রতিযোগিতার আজ উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন।

১৭টি জেলা এবং চার বাহিনীর প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিযোগী (ছেলে-মেয়ে) ফেডারেশন কাপে অংশ নিতে যাচ্ছে। এত বড় আয়োজন সম্পর্কে সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘ছেলে-মেয়েরা অনেক দিন খেলার বাইরে রয়েছে। ফেডারেশন কাপ তাদের জন্য বিরাট এক সুযোগ। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের প্রতিভার বিকাশের সুযোগ পাবে। আর আমরা খুঁজে পাব জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার মতো খেলোয়াড়। ফেডারেশন কাপ থেকে ন্যাশনালে যারা ভালো করবে, তারাই সামনে এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পাবে। ফেডারেশন কাপ আয়োজনে আমরা সবার সহযোগিতা বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি এবং ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’