চোট মানিয়েই খেলতে হবে শান্তকে

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:২৮ এএম

ম্যাকাই টেস্ট দুই দিনে শেষ হলেও সময় নষ্ট করেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তিনি। দীর্ঘদিনের পুরনো হাঁটুর ব্যথায় ভুগছেন টেস্ট দলের অধিনায়ক। তবে সেটি থেকে এখনই মুক্তি মিলছে না তার। তাসকিন আহমেদ, নাহিদ রানাদের মতো অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও চোটের সঙ্গে আপস করেই খেলা চালিয়ে যেতে হবে শান্তকে।

এই বাঁহাতি ব্যাটার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করবেন। তবে খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে না বলেই নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘আমরা যে প্রক্রিয়ায় চলছিলাম, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে সেটি ঠিক আছে কি না, নাকি আরও একটু সংশোধন করতে হবে এসব দেখেছি। এখন অস্ত্রোপচার লাগবে না। তবে সমস্যা সবারই আছে। সমস্যা মানিয়ে নিয়েই খেলতে হবে। ওর সমস্যা ওই পর্যায়ে না যে এখন অস্ত্রোপচার লাগবে। আবার সমস্যা পুরোপুরি চলে গেছে, সেটিও নয়। কিছু প্রক্রিয়া অনুসরণ করে চলতে হবে।’

তাসকিন ও নাহিদকেও একই প্রক্রিয়া মেনে চলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তারা। তাসকিন ‘ওল্ড ক্রনিক অ্যাঙ্কেল পেইন’ অর্থাৎ দীর্ঘদিন ধরে গোড়ালির সমস্যায় ভুগছেন। নাহিদ বর্তমানে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে থাকলেও পুরনো সমস্যা আছে তার। মূলত দুই পায়ে ক্রনিক শিনবোন বা ক্রনিক শিন স্পি­ন্ট আছে এ গতি তারকার। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। তাদের দুজনের মতো শান্তকেও এখনই অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে না। মানিয়ে নিয়েই খেলতে হবে তাকে।

তবে তরুণ পেসার রহনাত দৌলা বর্ষণকে নিয়ে ভাবনা বাড়ছে বিসিবির মেডিকেল বিভাগের। পিঠের নিচের অংশের ব্যথার জন্য প্রায় ১৫ মাস খেলার বাইরে ছিলেন ২১ বছরের এ তরুণ পেসার। মাঠে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন তিনি। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৪ ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন। বোলিংয়ের ধরন ও উইকেট নেওয়ার সামর্থ্য প্রমাণ করে যখন আলোচনায় এলেন এই ডানহাতি পেসার, তখন অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার পুরনো চোটে পড়েছেন। আজ সেখানে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর একজন মেরুদণ্ড বিশেষজ্ঞ শল্যচিকিৎসককে দেখানোর কথা আছে বর্ষণের।

চোট সমস্যা আছে দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশ ‘এ’ দলেও। বর্ষণের মতো আরেক ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমনও নির্বাচকদের নজরে আছেন। এ জন্য এইচপি ও ‘এ’ দলের হয়ে নিয়মিত খেলছেন তিনি। এইচপির হয়ে ত্রিদলীয় টুর্নামেন্টের ৪ ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর ‘এ’ দলে যোগ দেন ইমন। সেখানে বোলিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ফিরে চিকিৎসা শুরু করবেন এ ১৯ বছর বয়সী পেসার। একই সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানও চোট নিয়ে দেশে ফিরে আসছেন।

এদিকে গতকাল বিসিবির কার্যালয়ে মেডিকেল বিভাগের চিকিৎসক-কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন এ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহবুব আহমেদ শামীম। এ বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় ক্রিকেট বোর্ডে চিকিৎসার জন্য জরুরি বিভাগ খোলার পরিকল্পনার কথা শোনান তিনি, ‘এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জরুরি ব্যবস্থার কোনো সুযোগ নেই। এ জন্য আমরা একটা জরুরি চিকিৎসা ইউনিট, তারপর বহির্বিভাগ, পুনর্বাসন ইউনিট, পর্যবেক্ষণ কক্ষ এবং পরবর্তী সময় আর কী আমরা করতে পারি এ রকম করে আমরা একটা আলোচনা করেছি।’ এ ছাড়া ঢাকার বাইরের প্রতিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থায়ীভাবে একজন ডাক্তার রাখার পরিকল্পনা করেছেন শামীম, ‘আমাদের যে ভেন্যুগুলো আছে, সেখানে একজন ডাক্তার, একজন ফিজিও, একজন ট্রেনার এ রকম নিয়োগ করা যায় কি না সে নিয়েও আমরা চিন্তাভাবনা করছি।’

এই বৈঠকে উপস্থিত একজন জানান, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য যেন বাইরে ছুটতে না হয়, সেসব নিয়েও গতকাল কথা বলেছেন তারা। সম্প্রতি একজন ক্রিকেটার আঙুলে চোট পাওয়ায় তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। শুধু দুটি সেলাই দিতেই ২৫ হাজার টাকা খরচে বিস্ময় প্রকাশ করে এ কর্মকর্তা বলেন, ‘মাত্র দুটি সেলাই দিতেই ২৫ হাজার টাকা বিল হয়। এর সঙ্গে এক্স-রে, অন্যান্য খরচ তো আছেই। অথচ এটা কিন্তু খুব বড় কিছু নয়। এ ধরনের চিকিৎসা বোর্ডেই করানো যায়। তাতে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।’ এ জন্য বিসিবি কয়েকটি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি, ‘কিছু পোর্টেবল চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা আনার পরিকল্পনাও রয়েছে। আল্টরাসাউন্ড, শকওয়েভ থেরাপি এবং এক্স-রেসংক্রান্ত কিছু সুবিধা এখানে চালুর বিষয়ে চিন্তা করা হচ্ছে। এতে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের অন্যান্য কর্মকর্তা, মাঠকর্মীও সুবিধা পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত