পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট বা এআই সøপের দাপট কমাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। লিংকডইনে অনিচ্ছাকৃত ও ভুয়া এআই পোস্ট চিহ্নিত করতে সাইটটির ১০ লাখেরও বেশি ব্যবহারকারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন। এমন পদক্ষেপের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে ভুয়া কনটেন্টের প্রচার কমতে শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্ল্যাটফর্মটির নিউজ ফিডে এক ধরনের অদ্ভুত প্রবণতা লক্ষ্য করছিলেন লিংকডইন ব্যবহারকারীরা, যেখানে এআই দিয়ে তৈরি তথ্যহীন, নিম্নমানের বা বিভ্রান্তিকর কনটেন্টে ছেয়ে যাচ্ছিল ফিড।
এমন অবস্থা ইন্টারনেটের পরিভাষায় ‘এআই স্লপ’ নামে পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাইয়ের শেষভাগে একগুচ্ছ নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে সেবাটি। এর মধ্যে অন্যতম ‘সিমস লাইক এআই স্লপ’ নামের এক বিশেষ বোতাম। কোনো পোস্ট দেখে এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট মনে হলে ব্যবহারকারীরা তা চেপে রিপোর্ট করার সুযোগ পান। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবেও যেন এমন পোস্ট শনাক্ত করে ফিডে দেখানো বন্ধ করা যায়, এমন প্রযুক্তি জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।
ফিচারটি চালুর কেবল দুই সপ্তাহের মধ্যে বিপুল সাড়া মেলার কথা নিশ্চিত করেছেন লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন। তিনি বলেছেন, নতুন উদ্যোগটি এরই মধ্যে কার্যকর ফল দিতে শুরু করেছে। নেটওয়ার্কটিতে পোস্ট করা এক বার্তায় ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘স্লপ ঠেকানো ফিচার উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ সিমস লাইক এআই স্লপ বোতামটি ব্যবহার করেছেন।’