লিবিয়া থেকে গ্রিসের সমুদ্রপথে নিহত ৩৭

নিজ দেশে যুদ্ধ থেকে পালিয়ে লিবিয়া থেকে গ্রিসে সমুদ্রপথে যাওয়ার সময় ৩৭ জন সুদানি অভিবাসী মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক উদ্ধার ও সহায়তা কমিটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। 

সুদানের নাগরিক কমিটি এল-ফাশার রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন প্রকাশিত এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে একাধিক নারী, শিশু ও পুরো পরিবারের সদস্যরা ছিলেন।

 

সংস্থাটির প্রকাশিত ৩৭ জন নিহতের তালিকায় ৭ মাস বয়সী এক শিশুসহ ৩, ৬, ৮, ৯, ১২, ১৩ এবং ১৬ বছর বয়সী একাধিক শিশু রয়েছে। এসব ভুক্তভোগী সুদানের এল ফাশার, এল জেনেইনা, নেয়্যালা, গেদারেফ, ইস্ট নাইল, বাবানুসা সহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন।

কমিটিটি জানায়, এল ফাশার শহরের অধিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছে, মৃত্যু এল ফাশারের মানুষকে কোথাও রেহাই দেয়নি, তা তাদের নিজেদের শহরে, বাস্তুচ্যুতির পথে, অভিবাসনের রাস্তায় এবং সমুদ্রেও পিছু ছাড়েনি।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, ২০২৫ সালের ২৬ অক্টোবর আরএসএফ এল ফাশার দখল করার পর সেখানে বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও প্যরামিলিশিয়া বাহিনী আরএসএফ-এর মধ্যে চলা এই যুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।