সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ ফেসবুক। বিশেষ করে বাংলাদেশিদের কাছে। কিন্ত সেই ফেসবুক আর আগের জায়গায় নেই উল্লেখ করে এই মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। ফেসবুক ছাড়ার কারণ হিসেবে আসিফ আকবর জানান, মূলত পরিববেশগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একসময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুক এখন যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি।
আসিফ আকবরের ভাষ্য, ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য-বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, “ভাই, আমি তো এটা বলিনি। তারপর তারা স্ক্যান করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে, তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।’
আসিফের কথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে নানা ধরনের বক্তব্য, মন্তব্য কিংবা খবর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব থাকলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের সত্যতা নিয়েও বারবার ব্যাখ্যা দিতে হয় বলে জানান তিনি। তাই ফেসবুকের বর্তমান পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সংগীতশিল্পী। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে।