দক্ষিণ সুদানে গবাদিপশু লুটকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে দেশটির উত্তরাঞ্চলের ইউনিটি স্টেটের সশস্ত্র গবাদিপশু লুটকারীরা পাশের ওয়ারাপ স্টেটের একটি পশুপালক সম্প্রদায়ের ওপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
রাজ্যের তথ্যবিষয়ক মন্ত্রী উইলিয়াম উল মায়োম বল জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে টং নর্থ কাউন্টির একটি গবাদিপশু পালকদের শিবিরে হামলা চালানো হয়। ইউনিটি স্টেটের হামলাকারীদের সঙ্গে অন্যরাও এতে অংশ নেয়। তিনি ঘটনাটিকে ‘বর্বর হামলা’ হিসেবে উল্লেখ করেন।
হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে দুই রাজ্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সবাইকে সংযত থাকার অনুরোধ করেছেন তিনি।
ইউনিটি স্টেটের তথ্যবিষয়ক মন্ত্রী ন্যাকেনিয়া জোহানেস রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারীরা সবাই ইউনিটি স্টেটের বাসিন্দা ছিলেন না। তবে দুই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজ্য কর্মকর্তারা কাজ করছেন বলে জানান তিনি।
দক্ষিণ সুদানে আন্তঃগোষ্ঠী ও আন্তঃসম্প্রদায়িক সংঘাত প্রায়ই ঘটে। দেশটির পশুপালকরা সীমিত চারণভূমি ও গবাদিপশুর পানির উৎস নিয়ে দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছেন। বেসামরিক মানুষের হাতে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র থাকায় এসব সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়।
এদিকে, দক্ষিণ সুদানে আগামী ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে উত্তরাঞ্চলের প্রতিবেশী দেশ সুদান থেকে স্বাধীনতা লাভের পর এটিই হবে দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।