লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের অভিযোগে গ্রেপ্তার ৮

নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লালপুর থানা পুলিশ জানায়, থানার এসআই (নিরস্ত্র) এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় ড্রাম ট্রাকে করে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের অভিযোগে মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২), মো. জিসান (২৩), মো. সাকিব (২২) ও মো. খেজের আলীকে (৫৬) আটক করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মুন্না, মো. বকুল ইসলাম, মো. সজল, মো. রিফাত, মো. কলিন্স ও মো. জিসান রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা। মো. সাকিব ও মো. খেজের আলী নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৮ আগস্ট দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।