নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে লালপুর ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থেকে জয়পুরহাটগামী ইটবোঝাই একটি ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১২-০৮১৯) পথচারী গোলাম মোস্তফাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া লালপুর উত্তরপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের জন্য ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।