গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬৮ জনে। তবে এসময় কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গু রোগে চলতি বছর ৮৮ জন মারা গেছে। যার মধ্যে আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৩৪২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭২ জন। আর ৪৩ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। এছাড়া বরিশালে ৬৩, চট্টগ্রামে ৯৩, ময়মনসিংহে ৪৮ ও রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় ৩৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩২ হাজার ৫৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪২২ জন।