ফুটফুটে রাইফা। বয়স মাত্র ছয় বছর। হাসিমাখা মুখে দুরন্ত শৈশব কাটছিল তার। পড়াশোনার হাতেখড়ি দিয়ে স্বপ্ন ছিল বড় হওয়ার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল পুকুরের পানিতে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পরিবারের অগোচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারায় প্রথম শ্রেণির এই শিক্ষার্থী। নিহত রাইফা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। রুবেলের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রাইফা দ্বিতীয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে রাইফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে নেমে খোঁজার সময় এক ব্যক্তির পায়ে রাইফার দেহ লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাইফার মৃত্যুর খবরে পরিবার-স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কাকনহাটি গ্রামের পরিবেশ। ফুটফুটে শিশুটির এমন মৃত্যুতে শোক নেমে এসেছে তার বিদ্যালয়ের শিক্ষক-সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও। শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন রাইফার বিদ্যালয় কর্তৃপক্ষ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।