লালমনিরহাটে চুরির অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে চুরির অপবাদ দিয়ে সৌরভ (১৫) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সময় কিশোরটি বারবার আকুতি জানালেও মেলেনি রক্ষা, উল্টো বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। মারধরের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কিশোরের মা সান্তনা রানী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

​মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট আল হেরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​ভুক্তভোগীর পরিবার জানায়, সৌরভের পরিবার হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় বসবাস করলেও সম্প্রতি কালীগঞ্জের উত্তর দলগ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে সে। গত বৃহস্পতিবার দুপুরে আল হেরা মসজিদের সামনে থেকে কয়েকজন লোক সৌরভকে আটক করে মসজিদের ভেতর নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মসজিদের মাইক চুরির অপবাদ এনে বাইরে এনে গাছের সঙ্গে দুহাত বেধে বাঁশের লাঠি দিয়ে কয়েকজন তাকে মারধর করে।

​কিশোরের মা সান্তনা রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমার স্বামী দিনমজুরের কাজে ঢাকায় আছেন। ছেলেটাকে বিনা অপরাধে চোর অপবাদ দিয়ে পশুর মতো পিটিয়েছে। ছেলেটা বারবার অনুনয় করলেও কারও মন গলেনি, উল্টো অনেকে দাঁড়িয়ে থেকে দেখছিল। আমি এই বর্বরতার সুষ্ঠু বিচার চাই।'

​ঘটনার সততা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে।

​ওসি বলেন, 'ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত