দৃশ্যের ভেতর অদৃশ্য

সড়কদ্বীপে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি আবক্ষ ভাঙা ভাস্কর্য। সাদা প্লাস্টারের নিথর মুখগুলো কাত হয়ে আছে ঘাসের ওপর, কোনোটি পড়ে আছে মুখ থুবড়ে। চারপাশে নীরবে ফুটে আছে সাদা আর বেগুনি নয়নতারা। প্রথম দেখায় দৃশ্যটি যেন ধ্বংসস্তূপের একটি স্থির দলিল। কিন্তু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলে মনে প্রশ্ন জাগে, এই ছবিতে কি শুধুই ভাঙা ভাস্কর্য আর ফুটে থাকা ফুল, নাকি আরও একটি গল্প নীরবে লেখা আছে সেখানে। ঠিক এমন প্রশ্নের ভেতরেই জন্ম নেয় ভিজ্যুয়াল মেটাফর।

কিছু ছবি আছে, যেগুলো প্রথম দেখায় কেবল একটি দৃশ্য বলে মনে হয়; অথচ একটু থেমে তাকালেই যেন খুলে দেয় অনুভবের নতুন দরজা। দৃশ্য তখন কেবল দৃশ্য থাকে না, হয়ে ওঠে স্মৃতি, প্রশ্ন, প্রতিবাদ কিংবা প্রার্থনা। আলোকচিত্রের সেই নীরব অন্তর্লিখনের নামই ভিজ্যুয়াল মেটাফরদৃশ্যের মধ্যে অদৃশ্য অর্থের অনুরণন।

একটি শুকিয়ে যাওয়া গাছ কেবল একটি গাছ নয়; হতে পারে নিঃশেষ হয়ে যাওয়া সম্পর্কের প্রতীক। খোলা দরজা কেবল একটি স্থাপত্য নয়; হতে পারে সম্ভাবনার আহ্বান। ভাঙা আয়না কেবল একটি বস্তু নয়; সেখানে খণ্ডিত প্রতিবিম্ব হতে পারে আত্মপরিচয় খোঁজার রূপক। ভিজ্যুয়াল মেটাফরের সার্থকতা এখানেইএকটি ছবি আপাতদৃষ্টিতে যা বলে, সেটাই তার শেষ কথা নয়।

ভিজ্যুয়াল মেটাফর ফটোগ্রাফির কোনো নির্দিষ্ট ধারা নয়; বরং দৃশ্যের মাধ্যমে বিমূর্ত অর্থ প্রকাশের একটি শিল্পভাষা। তাই এটি কখনো স্বাভাবিক দৃশ্যের মধ্যে জন্ম নেয়, কখনো কনসেপচুয়াল ফটোগ্রাফির পরিকল্পিত নির্মাণে, কখনো ফটোমন্তাজের অদৃশ্য বাস্তবতায়, আবার কখনো জাক্সটাপজিশনের অপ্রত্যাশিত সহাবস্থানে। পথ ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য একদর্শককে দৃশ্যের বাইরে আরও একটি ভাবনার জগতে পৌঁছে দেওয়া।

এই ছবিটির শক্তিও ঠিক এখানেই। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের ঘটনাটি জানা থাকলে ছবিটি হয়তো কারও কাছে ক্ষোভের দলিল, কারও কাছে সাংস্কৃতিক ক্ষয়ের স্মারক। ঘটনাটি না জানলেও ছবিটি কিন্তু তার ভাষা হারায় না, বরং বলে, মানুষ মুখ ফিরিয়ে নিলেও প্রকৃতি যেন মুখ ফিরিয়ে নেয়নি। কেউ আর শ্রদ্ধা জানাতে আসে না; তাই ফুলগুলোই যেন নীরব কোনো নিবেদন ছড়িয়ে দিয়েছে এই নির্জন প্রান্তরে। বাস্তবে ফুলের কোনো অনুভব নেই; কিন্তু ছবির ভেতরে তারাই যেন হয়ে ওঠে শোকের ভাষা। এই অসম্ভব অনুভূতিকেই সম্ভব করে তোলে ভিজ্যুয়াল মেটাফর। আসলে ভিজ্যুয়াল মেটাফর ক্যামেরায় তৈরি হয় না; তার জন্ম হয় আলোকচিত্রীর অন্তর্দৃষ্টিতে। একই পথে শত মানুষ হেঁটে যান, অথচ সবার চোখ একই দৃশ্য দেখে না। কেউ দেখেন কেবল ফুল, কেউ ভাঙা ভাস্কর্য, আর কেউ দেখেন সেই ফুল আর ভাঙনের মাঝখানে গড়ে ওঠা অদৃশ্য অন্বয়। তাই ভিজ্যুয়াল মেটাফর শেখার পূর্বশর্তঅদৃশ্যকে দেখতে শেখা।

ভিজ্যুয়াল মেটাফর নির্মাণের জন্য সবসময় ব্যয়বহুল সরঞ্জাম বা অভিনব কৌশলের প্রয়োজন হয় না। প্রয়োজন তীক্ষè পর্যবেক্ষণ, ধৈর্য আর অনুভবের গভীরতা। কখনো আলো-ছায়ার সংলাপ, কখনো রঙের বৈপরীত্য, কখনো একটি মানুষের ভঙ্গি, আবার কখনো দুটি আপাত-অসম্পর্কিত বস্তুর সহাবস্থান এমন অর্থ সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আলোকচিত্রী তখন শুধু দৃশ্য ধারণ করেন না; ধারণ করেন দৃশ্যের ভেতরে জন্ম নেওয়া ভাবটিকেও।

দর্শকের মনেও এর প্রভাব প্রবল। তথ্যনির্ভর ছবি যেমন দ্রুত বোঝা যায়, অনেক সময় মানুষ সেটা ভুলেও যায় দ্রুত। কিন্তু রূপকধর্মী ছবি দর্শককে থামায়। তিনি ফিরে ফিরে আসেন ছবির সামনে। প্রতিবারই হয়তো নতুন একটি অর্থ খুঁজে পান। এ কারণেই ভিজ্যুয়াল মেটাফর সময়ের সঙ্গে পুরনো হয় না; বরং মানুষের অভিজ্ঞতা বদলালে ছবির অর্থও নতুন আলোয় ধরা দেয়।

মানুষের জীবনও এমনই। আমরা প্রায়ই সম্মুখ ঘটনাকেই সত্য বলে মানি, অথচ সত্যের গভীরতর অংশটি থাকে ঘটনার অন্তরালে। একটি হাসির আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে দীর্ঘশ্বাস, তেমনি একটি ভাঙা ভাস্কর্যের পাশে ফোটা ছোট্ট ফুলও হয়ে উঠতে পারে অবিনাশী শ্রদ্ধার প্রতীক। জীবন বারবার শেখায় যা চোখে দেখা যায়, তার চেয়েও চিরন্তন যা অনুভবে ধরা পড়ে। আর সেই অদৃশ্য অনুভূতির দৃশ্যমান ভাষাই ভিজ্যুয়াল মেটাফরের সবচেয়ে বড় সৌন্দর্য।

হয়তো এ কারণেই ভিজ্যুয়াল মেটাফর শুধু দেখার ছবি নয়; তাকে পড়তে হয়, সময় নিয়ে। যেমন পড়া হয় একটি কবিতা, একটি চিঠি কিংবা বহুদিনের জমে থাকা নীরবতা। যে শুধু দেখে, সে হয়তো দৃশ্যটুকুই দেখে; কিন্তু যার মন পড়তে জানে, ছবিতে যা নেই, তাও তার কাছে হয়ে ওঠে বাক্সময়। ছবিটি তখন আর শুধু ছবি থাকে না দৃশ্যের আড়ালে সে খুলে দেয় আরেকটি দৃশ্য, আরেকটি অনুভব, আরেকটি উপলব্ধি।

লেখক : আলোকচিত্রী ও ব্যাংক কর্মকর্তা