উৎসবের আমেজ তায়কোয়ান্দোতে

প্রায় চার শতাধিক তায়কোয়ান্দোকা ঘুরে বেড়াচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদে। জিমন্যাশিয়ামের ভেতরে প্রবেশ করেই দেখা মিলল আলোকসজ্জা। লাল, নীল বেলুনে ছেয়ে আছে পুরো জিমন্যাশিয়াম। তায়কোয়ান্দোকাদের সঙ্গে উপস্থিত তাদের বাবা-মায়েরাও। ফেডারেশন কাপকে কেন্দ্র করে দীর্ঘদিন পর তায়কোয়ান্দো রূপ নিয়েছে উৎসবে। শুক্রবার তিন দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (ইডি) মো. দৌলতুজ্জামান খান (যুগ্মসচিব) বলেন, ‘তায়কোয়ান্দোকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছড়িয়ে দেওয়ার প্রতি আমাদের আগ্রহ রয়েছে। এতে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার সক্ষমতা তৈরি হবে, যা দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান আরও বলেন, ‘তায়কোয়ান্দো অলিম্পিকের তালিকাভুক্ত একটি খেলা। এ খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে যারা এই খেলায় অভিজ্ঞ, তাদের জন্য বিশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রেও অতিরিক্ত সুযোগ তৈরি হয়।’ তায়কোয়ান্দো ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মিডিয়ার প্রচারের আলোয় এলে এই খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তায়কোয়ান্দো আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’

সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘ছেলে-মেয়েরা অনেকদিন খেলার বাইরে ছিল। ফেডারেশন কাপ তাদের জন্য বিরাট এক সুযোগ। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের প্রতিভার বিকাশের সুযোগ পাবে। আর আমরা খুঁজে পাব জাতীয় পর্যায়ে অংশ নেয়ার মতো খেলোয়াড়।’

সেন্ট গ্রেগরী চ্যাম্পিয়ন

গোল্ডেন ট্রাইয়ে ৫-০ পয়েন্টের জয় নিয়ে কেজিএন মেডিকেয়ার অনূর্ধ্ব-১০ মিনি রাগবি ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরী-গোলাপ দল। শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেথোডিস্ট-হাসনাহেনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের  ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন।