এনসিপিকে বয়কটের দাবিতে মধ্যরাতে মাদ্রাসাছাত্রদের মিছিল

জাতীয় সংসদে গানবাদ্য নিয়ে হাসনাত আবদুল্লাহর বিতর্কিত বক্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট ঘোষণা করে বিক্ষোভে-মিছিলে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন  মাদ্রাসা শিক্ষার্থীরা।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।

এ সময় ছাত্ররা, ‘এক দফা এক দাবি হাসনাত তুই ক্ষমা চাবি’, ‘তুমিও জানো আমিও জানি, হাসনাত শাহবাগী’ ‘এনসিপির মুখোশ খুলে গেছে’ বলে স্লোগান দিতে দিতে স্থানীয় প্রেসক্লাবের দিকে এগিয়ে যান।

জানা যায়, রাতে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য। একপর্যায়ে সমাবেশ থেকে মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় এনসিপি ও হাসনাত আবদুল্লাহবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া হাসনাত আবদুল্লাহ তার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহতেরও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, শনিবার বিকেল চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সারজিস আলমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা রয়েছে।