চুয়াডাঙ্গায় আজ শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সমিতির জরুরি সভায় সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দৌলতদিয়াড় এলাকা থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটিতে বাধা দেন। এ ঘটনার জের ধরে ওই ইজিবাইক চালক তার কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন।
এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন।
পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতা এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর আগে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক পক্ষ।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটেই বাস চলাচল করবে না।
এদিকে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।