মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে বড় ছোট ছয়টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। মাদকবিরোধী কর্মসূচির দিনেই গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দারা মাদকবিরোধী এই আয়োজন করে। এসময় বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় মাদক সেবনের আস্তানা রয়েছে বলে জানান। পরে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ শোভাযাত্রায় অংশ নেওয়া স্থানীয়রা ওই স্থানটি পরিদর্শনে যান। এ সময় পরিত্যক্ত জায়গাটিতে মাদক সেবনের কিছু আলামসহ একটি বড় গাঁজাগাছ দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত করা হয়।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবাদুল হক বলেন,মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে,আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।