আদিতমারীতে অবৈধভাবে সার বিক্রির দায়ে জরিমানা

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয়। ​দণ্ডপ্রাপ্ত মো. মুকুল মিয়া ওই এলাকার অনুমোদন বিহীন সার ব্যবসায়ী।

​আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, মান্নানের চৌপথি এলাকায় সার অবৈধভাবে মজুদ রেখে বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

​তিনি বলেন, ‘অভিযানের সময় অবৈধভাবে সার মজুদ রাখা অবস্থায় মুকুল মিয়াকে আটক করা হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধ স্বীকার করলে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।’

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিচারক গুঞ্জন বিশ্বাস।

​ইউএনও গুঞ্জন বিশ্বাস বলেন, ‘সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে আদিতমারী উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।’