প্রবাসীর বাড়িতে হামলা 

কালীগঞ্জে কৃষক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:১৬ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে এক ওমান প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রবাসীর স্ত্রীকে পেটানোর অভিযোগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

​এর আগে মঙ্গলবার দুপুরে দুহুলী গ্রামে প্রবাসীর বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে জমি নিয়ে শাহ আলমের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন।

এতে বাধা দিলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

​এ ঘটনায় রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

​এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত