কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে ঘটে যাওয়া এই হামলায় ব্যাপক হতাহতের পাশাপাশি আশপাশের এলাকা জুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর সিএনএন’র।

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেনকো নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভুক্তভোগী পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোনটি সরাসরি একটি গুদামকে লক্ষ্যবস্তু করে। ড্রোন আঘাত হানার পর মুহূর্তেই বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে, যা আশপাশের অবকাঠামো ও ঘরবাড়ির ওপর চরম আঘাত হানে।Ukrain Attack

নির্দিষ্ট স্থাপনাটির ধরন বা পরিচিতি প্রকাশ না করলেও তিনি জানান, এ ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত নির্দেশ করা হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম ভেঙে কোনো আবাসিক বা জনবহুল এলাকার আশেপাশে গোলাবারুদ মজুত করে রাখলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সামরিক বাহিনী কিয়েভের কাছে এমন একটি অস্ত্র ডিপোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যেখানে ড্রোন তৈরির সরঞ্জাম ও ড্রোন পার্টস মজুত রাখা হয়েছিল।

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাটিতে উদ্ধার অভিযান এবং তদন্ত রিপোর্ট সামনে আসার সাথে সাথে আরও বিস্তারিত জানা যাবে।