ছোট নবাব’খ্যাত বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় দেড় বছরেরও বেশি সময় পর নিজের দায় স্বীকার করেছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস। শুক্রবার (২৮ আগস্ট) আদালতে তিনি স্বীকার করেন, সাইফের ওপর তিনিই হামলা চালিয়েছিলেন। একইসঙ্গে নিজের শাস্তি কমানোর আবেদনও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারের পর অবশ্য সাইফের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন শরীফুল। তিনি দাবি করেছিলেন, সাইফের বাড়িতে তিনি যাননি এবং অভিনেতার ওপর হামলাও করেননি। তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
তবে শুক্রবার আদালতে নিজের আগের অবস্থান থেকে সরে এসে হামলার দায় স্বীকার করেন শরীফুল। আদালতে তিনি বলেন, ‘আমি সাইফের ওপর হামলা চালিয়েছিলাম।’ একইসঙ্গে নিজের অপরাধের জন্য অনুতপ্ত বলেও জানান তিনি। শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের করা অপরাধের জন্য অনুতপ্ত হওয়ায় শরীফুল দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে তুলনামূলক কম শাস্তির আবেদন জানিয়েছেন। শরীফুলকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে তার বিরুদ্ধে চলা মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্প্রতি মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।