ঢাকায় চাকরি করতে এসে অপহৃত যুবক, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ঢাকায় চাকরি করতে এসে রিফাত সরদার (৩২) নামে এক যুবক অপহৃত হয়েছেন। শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চক্কর এলাকা থেকে অজ্ঞাতদের হাতে অপহৃত হন তিনি।

ঘটনার পরপর একটি ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রী স্বপ্না ইসলামের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর তাদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠিয়েও দেন যুবকের স্ত্রী। এ বিষয়ে অপহৃতের স্ত্রী স্বপ্না ইসলাম রাজধানীর মিরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, তাদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাসকাঠি গ্রামে। ঢাকায় চাকরি হয়েছে-এমন সংবাদ পাওয়ার পর শুক্রবার রাজাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬ টার দিকে রিফাত মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকা থেকে অপহৃত হন। অপহরণের পর তার মোবাইল ফোন থেকে স্ত্রীর মোবাইল ফোনে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। 

রিফাতের স্ত্রী স্বপ্না ইসলাম বলেন, আমরা সম্ভাব্য সব স্থানে তাকে খুঁজেছি। পরে মোবাইল ফোনে আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে। পরে আত্মীয়-স্বজনের কাছে ধার করে ৫০ হাজার টাকা বিকাশ পাঠাই।
মিরপুর থানা পুলিশ জানায়, অপহৃত ব্যক্তির বিষয়টি আমরা তদন্ত করছি।