মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল করবে।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

সংস্থাটি জানিয়েছে, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত গোলাপি রঙের বিশেষ বাসগুলো রাজধানীর নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহনের নতুন সুযোগ তৈরি করবে। এতে গণপরিবহনে নারীদের অংশগ্রহণও আরও বাড়বে বলে আশা করছে সংস্থাটি। এ উদ্যোগের মাধ্যমে নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ আরও সৃষ্টি হবে বলে জানিয়েছে বিআরটিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত