অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন
সার্জন, অর্থোপেডিক সার্জারি বিভাগ (অব.)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা।
চেম্বার : বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল।
একসঙ্গে পাঁচটি বা তার বেশি জোড়ায় ব্যথা, ফোলা ও প্রদাহ হলে তাকে ডাক্তারি ভাষায় পলি আর্থ্রাইটিস বলে। এটি নিজে কোনো নির্দিষ্ট রোগ নয়; বরং বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, অটোইমিউন রোগ বা সংক্রমণের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস পলি আর্থ্রাইটিসের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে ধরে নেওয়া হয়।
কেন হয়?
পলি আর্থ্রাইটিসের পেছনে একাধিক কারণ থাকতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে শরীরের রোগপ্রতিরোধী ব্যবস্থা ভুল করে জোড়ার আবরণে আক্রমণ করে, ফলে সেখানে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। বংশগত প্রবণতা, ধূমপানসহ কিছু ঝুঁকিও এতে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া গাউট, সোরিয়াটিক বা অন্যান্য প্রদাহজনিত আর্থ্রাইটিস, লুপাসের মতো অটোইমিউন রোগ এবং কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও একাধিক জোড়ায় প্রদাহ হতে পারে।
কীভাবে বুঝবেন?
প্রধান লক্ষণ হলো একাধিক জোড়ায় ব্যথা, ফোলা, স্পর্শে ব্যথা, গরম অনুভূতি এবং শক্ত হয়ে যাওয়া। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর জোড়ায় দীর্ঘ সময় শক্তভাব থাকা প্রদাহজনিত আর্থ্রাইটিসের গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। হাত, কবজি, পা ও হাঁটুর ছোট-বড় বিভিন্ন জোড়া আক্রান্ত হতে পারে। কখনো ক্লান্তি, দুর্বলতা বা শরীর খারাপ লাগার মতো উপসর্গও দেখা যায়।
করণীয়
এ ধরনের উপসর্গ নিয়মিত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ দীর্ঘদিনের প্রদাহ জোড়ার স্থায়ী ক্ষতি করতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসাউন্ড বা প্রয়োজনে এমআরআই করা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জোড়া থেকে তরল নিয়ে পরীক্ষা করেও কারণ নির্ণয় করা হয়।
চিকিৎসা
চিকিৎসা পদ্ধতি : চিকিৎসানির্ভর করে পলি আর্থ্রাইটিসের মূল কারণের ওপর। ব্যথা ও প্রদাহ কমাতে চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে রোগের অগ্রগতি ধীর করতে ডিএমএআরডি (উগঅজউং) এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা হয়। সংক্রমণের কারণে হলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হতে পারে। ফিজিওথেরাপি জোড়ার নড়াচড়া ও পেশির শক্তি বজায় রাখতে সাহায্য করতে পারে। গুরুতর জোড়ার ক্ষতি হলে অস্ত্রোপচার বা জয়েন্ট প্রতিস্থাপনের প্রয়োজনও হতে পারে। তাই দীর্ঘদিনের জোড়ার ব্যথা বা ফোলা শুধু বয়সের সমস্যা ভেবে বসে না থেকে কারণ নির্ণয় করে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।