আজ ও আগামীকাল শিল্পকলায় ‘অচলায়তন’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা ‘অচলায়তন’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি নাটকটির যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ ৩০ আগস্ট ও আগামীকাল ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায়। নাটকের নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

প্রথাগত নিয়মকানুন ও অন্ধ অনুশাসনের শৃঙ্খলে বন্দি এক বিদ্যায়তনের গল্প নিয়ে নির্মিত এই নাটকে পঞ্চক ও মহাপঞ্চক নামের দুই ভাইয়ের জীবনদর্শনের চরম দ্বন্দ্ব ফুটে উঠেছে। যেখানে মহাপঞ্চক নিয়ম রক্ষায় অন্ধ, সেখানে পঞ্চক নিয়ম ভেঙে মুক্ত হাওয়ার সন্ধানী। অবশেষে দাদাঠাকুরের আগমনে প্রাচীন ব্যবস্থার দেয়াল ভেঙে নতুন ধারার সূচনা হয়।

প্রযোজনায় কিছু ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। নির্দেশক অচলায়তনকে তুলে ধরেছেন একটি নারী শিক্ষাগৃহ হিসেবে, যেখানে কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধে নারীকে আটকে রাখার ষড়যন্ত্রের প্রতি আলোকপাত করা হয়েছে। এ ছাড়া এতে যন্ত্রবৎ মন্থর জীবন এবং বাইরের শোণপাংশু ও দর্ভকদের গতিশীল জীবনধারার বৈপরীত্য চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।

নাটকটির মঞ্চ ও আলোক নির্দেশনায় রয়েছেন মো. সাইফুল ইসলাম, সংগীত ভাবনায় নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন এবং পোশাকে আফসান আনোয়ার। নাটকটিতে স্কেটিংয়ের বিশেষ প্রয়োগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে ‘স্কেটিং ৭১’-এর জিহাদ হোসেন ও শামীমকে।